সাংসদ বদির রিট আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা চ্যালেঞ্জ করে কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মিসবাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন। আজই রিট আবেদনটি করা হয়।

১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদকে বেশি দাম (এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা) দেখানোর অভিযোগে গত বছরের ২১ আগস্ট মামলাটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুস সোবহান। রমনা থানায় ওই মামলাটি করে দুদক।

এর পর ওই বছরেরই ১২ অক্টোবর এ মামলায় সাংসদ বদি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৬ অক্টোবর মহানগর দায়রা ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করেন। এ আদেশের পর বদি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন (রিভিশন) করেন। পরে আদালত ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে পরদিন আবেদন করে দুদক। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন। ৩০ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।

চলতি বছরের ৬ মে এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগপত্রে তাঁর ​বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ছয় কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার সম্পদ অর্জন ও দুদকের কাছে দেওয়া সম্পদের বিবরণীতে তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করার কথা বলা হয়।

তদন্তে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ও ২৭ (২) ধারায় কমিশন অভিযোগপত্রের অনুমোদন দেয় বলে দুদক সূত্র জানিয়েছে।

দুদক সূত্র জানায়, বদির বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করতে গিয়ে দুদককে নানা ধরনের চাপে পড়তে হয়েছে। তিনি প্রকাশ্যে দুদক চেয়ারম্যানকে কটাক্ষ করেও বক্তব্য দিয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজার জেলার ‘সর্বোচ্চ করদাতার’ পুরস্কার নিয়ে তিনি দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানকে উদ্দেশ করে বলেন, ‘আপনার নামও বদি, আমার নামও বদি। বদি বদিকে যদি তাড়ান, সব গুঞ্জাস (গোপন কথা) ফাঁক হয়ে যাবে। আপনার ভিতরে কী আছে, কীভাবে সাদা-কালা করতেছেন, জনগণ সবাই জানতে চায়।’