সাংসদ বদির শাস্তির দাবিতে মানববন্ধন
কক্সবাজারের উখিয়া উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীকে পেটানোর অভিযোগে সাংসদ আবদুর রহমান বদির শাস্তি দাবি করেছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘একের পর এক অসংযত আচরণ করলেও সাংসদ বদি তা নিয়ে অনুতপ্ত নন। একজন আইনপ্রণেতা হয়ে তিনি পেশাজীবীদের এভাবে হেনস্তা করতে পারেন না। আমরা তাঁর শাস্তির দাবি জানাচ্ছি।’
সভাপতির বক্তব্যে পরিষদের সভাপতি মো. হারুন বলেন, এর আগেও ওই সাংসদ শিক্ষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে একই আচরণ করেছেন। প্রকৌশলীর গায়ে হাত তুলে তিনি সব শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে গেছেন।
পরিষদের সাধারণ সম্পাদক সাদেক মো. চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, প্রকৌশলী এম আলী আশরাফ, রশিদ আহমদ চৌধুরী, চুয়েটের সহ-উপাচার্য রফিকুল আলম।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার সেন ও প্রবীর কুমার দে, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, স্থানীয় সরকার দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার দাশ ও গণপূর্ত দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সজল বিশ্বাস।
সমাবেশে সংহতি প্রকাশ করেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।