সাংসদ বদির 'বিদ্রোহী' বিপাকে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি ‘বিদ্রোহী’ প্রার্থী দাঁড় করিয়েছেন। ফলে বিপাকে পড়েছে আওয়ামী লীগ।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, উপজেলায় তৃণমূলের নেতারা চেয়ারম্যান পদে সাবেক সাংসদ ও উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলীকে সমর্থন দেন। কিন্তু সাংসদ বদি বিএনপি থেকে সদ্য দলে যোগদান করা জাফর আহমেদকে প্রার্থী করেন। এতে বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা।
মোহাম্মদ আলী বলেন, সব সময় তিনি (মোহামঞ্চদ আলী) ইয়াবা চোরাচালানের বিরুদ্ধে কথা বলেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইয়াবা চোরাচালান বন্ধ হয়ে যাবে। তাই সাংসদ বদি তাঁকে ঠেকানোর চেষ্টা করছেন।
জাফর আহমদ বলেন, সাংসদ বদিসহ দলের নেতারা তাঁকে চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছেন। তাই তিনিই দলের সমর্থিত প্রার্থী। ভোটাররা যেভাবে তাঁর প্রতি সাড়া দিচ্ছে—তাতে তিনিই নির্বাচনে জিতে যাবেন বলে আশা প্রকাশ করেন।
নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নেতা বলেন, সাংসদ বদির ভয়ে দলের কয়েকজন নেতা-কর্মী জাফর আহমদের পক্ষে দৌড়ঝাঁপ করলেও পরোক্ষভাবে তাঁরা মোহাম্মদ আলীর পক্ষে কাজ করছেন। অপরদিকে বিএনপি থেকে দুজন প্রার্থী সরওয়ার কামাল চৌধুরী ও
মোহাম্মদ আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি এখানে সমঝোতার মাধ্যমে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। এ চেষ্টা সফল হলে
আরও বিপাকে পড়বেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী।
এদিকে উখিয়ায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল মনসুর চৌধুরীকে দল থেকে সমর্থন দেওয়া হয়। এই উপজেলায় সাংসদ বদির নেতৃত্বে দলের আরেকটি অংশ উখিয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক হুমায়ুন কবির চৌধুরীকে প্রার্থী করেন। হুমায়ুন কবির সাংসদ বদির শ্যালক। এতে দলের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী হলেন উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী। ‘বিদ্রোহী’ প্রার্থী না থাকায় এখানেও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবুল মনসুর চৌধুরী বলেন, তিনিই দলের একক প্রার্থী। কিন্তু দলের আরেকজনকে মাঠে নামানোর ফলে নির্বাচনে জয় পাওয়াটা চ্যালেঞ্জের মুখে পড়বে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী বলেন, ‘দলের ভেতরে কী হচ্ছে টের পাচ্ছি না। দুই প্রার্থী নিয়ে নেতা-কর্মীরা বিভক্ত। দলের বেশির ভাগ নেতা-কর্মী যেদিকে-আমিও সেদিকে থাকব।’
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া ও টেকনাফে বিএনপির প্রার্থীরাই বিপুল ভোটে জয়লাভ করবে। তাই নিজ প্রার্থীর পক্ষে বেপরোয়া সাংসদ বদি। এখন তিনি নানা কৌশলে ভোট কারচুপির চক্রান্ত করছেন বলে অভিযোগ করেন শাহজাহান চৌধুরী।
বিএনপির প্রার্থী সরওয়ার কামাল চৌধুরী ও মো. আবদুল্লাহ অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘন করে সাংসদ বদি নিজ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটকেন্দ্র দখলের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হচ্ছে।
এ ব্যাপারে একাধিকবার সাংসদ বদির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে তাঁর সমর্থিত টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। সাংসদ বদির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিরোধী পক্ষ এই অপপ্রচার চালাচ্ছে।