সাংসদ বরণে আবারও রোদে পুড়ল শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা, গণমাধ্যমে আলোচনা-সমালোচনা সত্ত্বেও থেমে নেই মন্ত্রী-সাংসদদের স্বাগত জানানোর আয়োজনে কোমলমতি স্কুল শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখার চল। সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে আজ শনিবার এমন ঘটনা ঘটেছে।
বিদ্যালয়টিতে আজ নতুন ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। বেলা ১১টা থেকে এ অনুষ্ঠান শুরুর কথা ছিল। কিন্তু প্রধান অতিথি দেরিতে আসায় অনুষ্ঠান দেরিতে শুরু হয়।
সাংসদকে বরণ করতে স্কুলটির প্রায় ৪০০ শিক্ষার্থীকে সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত কড়া রোদে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন প্রধান শিক্ষক আবদুল কাদের মিয়াসহ আরও কয়েকজন শিক্ষক। প্রধান অতিথি স্কুলে পৌঁছানোর পর রেহাই পায় শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে স্কুলটির কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে জানায়, ছাত্র-ছাত্রীদের অনীহা সত্ত্বেও শিক্ষকেরা তাদের রোদে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন।
এ ব্যাপারে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক এবং স্থানীয় সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুকের মন্তব্য, উচ্চবিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের রোদে দাঁড় করিয়ে রেখে অতিথি বরণের রেওয়াজ অবৈধ। যেসব শিক্ষক এসব কাজ করেন, তাঁরা কাণ্ডজ্ঞানহীন। এ ক্ষেত্রে অতিথিদেরও সচেতন হতে হবে। তবেই শিক্ষা মন্ত্রণালয়ের আইন মানা সম্ভব হবে।
অনুষ্ঠানে অনুপস্থিত বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল বাতেন বলেন, ‘শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে অতিথি বরণ নিন্দনীয় কাজ। আমি থাকলে এটা কখনোই করতে দিতাম না।’
জানতে চাইলে এনায়েতপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের মিয়া দাবি করেন, ‘অতিথি বরণ করতে বাইরে নয়, স্কুল চত্বরের ভেতরেই দুপাশে লাইন করে আমরা ছাত্রছাত্রীদের দাঁড় করিয়ে রেখে ছিলাম। তবে তাঁদের খুব বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়নি।’