সাংসদ বি এইচ হারুনের বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সংসদ সদস্য বজলুল হক হারুনের (বি এইচ হারুন) বিরুদ্ধে এক কোটি টাকার চেক প্রতারণার মামলা করা হয়েছে। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান গতকাল বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি সাংসদ বজলুল হককে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এস এম শওকত হোসেন সাংবাদিকদের বলেন, চেক প্রত্যাখ্যানের অভিযোগে একটি মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে বিবাদী সাংসদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। তিনি আরও বলেন, সাংসদ বি এইচ হারুনের বিরুদ্ধে আরও একটি চেক প্রতারণার মামলা রয়েছে। মামলাটি বিচারাধীন আছে। ওই মামলায় ২৯ নভেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য আছে।

মামলায় অভিযোগ করা হয়, বি এইচ হারুন ব্যবসায়িক প্রয়োজন দেখিয়ে বাদীর কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণের টাকা ধার নেন। ওই টাকা বাদীকে পরিশোধের জন্য ২৫ সেপ্টেম্বর এক কোটি টাকার চেক দেন। গত ২৬ সেপ্টেম্বর উক্ত চেকের টাকা বাদী উত্তোলন করতে গেলে তা প্রত্যাখ্যান (ডিজঅনার) হয়। বাদী বিষয়টি আসামিকে জানানোর পরও টাকা না দিয়ে ঘোরাতে থাকেন।