সাংসদ, বিচারপতি ও চাকুরেদের জন্য বিদেশি অনুদান নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল, সাংসদ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী, সুপ্রিম কোর্টের বিচারপতিসহ সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশি অনুদান নিতে পারবেন না। এনজিও বা সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
তবে স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওগুলোর বিদেশি অনুদান গ্রহণ ও খরচে পদে পদে সরকারের অনুমতি নিতে হবে।
এ রকম বেশ কিছু বিধান রেখে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন ২০১৪’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত আইনানুযায়ী আইন লঙ্ঘন করলে নিবন্ধন বাতিল ও জরিমানা করা যাবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তের কথা জানান।
জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রথম অালোকে বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই আইনের আওতায় আনা যৌক্তিক নয়৷ আর এনজিও বা সংস্থার কর্মকর্তা-কর্মচারী বিদেশি অনুদান নিতে পারবেন না বলে যে বিধান রাখা হচ্ছে, সেটির ব্যাখ্যা না দিলে সমস্যা হবে৷ কারণ, অনেকে বিদেশে বিভিন্ন সম্মেলনে অংশ নেওয়ার জন্য অনুদান নিয়ে থাকেন৷ আবার কিছু বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় আইনের অপব্যবহার হতে পারে৷
মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় এই আইনের খসড়াটি তৈরি করেছে। প্রস্তাবিত আইনানুযায়ী এনজিও-বিষয়ক ব্যুরোর নিবন্ধন ছাড়া কোনো স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা বা এনজিও বিদেশি অনুদান গ্রহণ করে কোনো স্বেচ্ছামূলক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করতে পারবে না।
তবে কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কারণে বৈদেশিক অনুদান নিতে পারবেন। এ জন্য ওই ব্যক্তির নিবন্ধন লাগবে না৷ ব্যুরোর অনুমোদন নিতে হবে। তবে প্রকল্প অনুমোদন ছাড়া এনজিও বা কোনো ব্যক্তি বিদেশি অনুদান নিতে পারবেন না এবং ওই ব্যক্তি বা এনজিওর কর্মকাণ্ড অনুমোদিত প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এ ছাড়া অর্থপ্রাপ্তির উৎস এবং কী কাজে ব্যবহার করা হচ্ছে, তা-ও উল্লেখ করতে হবে।
এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, ব্যক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই৷ এ জন্য এর অপব্যবহার হতে পারে৷ শিক্ষাসহ এ ধরনের কাজ ব্যাহত হতে পারে৷
প্রস্তাবিত আইনুযায়ী বিদেশি অনুদান গ্রহণ ও ব্যয়ের জন্য নির্ধারিত ফরমে প্রকল্প প্রস্তাব তৈরি করে সেটি অনুমোদনের জন্য ব্যুরোর মহাপরিচালকের কাছে আবেদন করতে হবে। ব্যুরো প্রকল্প প্রস্তাব প্রাথমিক পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আপত্তি বা সুপারিশ অনুসারে প্রকল্প প্রস্তাব পরিবর্তন বা সংশোধনের করার জন্য অনুদান প্রত্যাশী এনজিও বা ব্যক্তির কাছে ফেরত দেওয়া হবে। আর খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় স্বেচ্ছাসেবক কার্যক্রমের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
অনুমোদিত প্রকল্পে বিদেশি বিশেষজ্ঞ, উপদেষ্টা বা কর্মকর্তা নিয়োগের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড় নিতে হবে। এ ছাড়া প্রকল্পের অর্থে বিদেশ যাওয়ার জন্যও ব্যুরোকে অবহিত করতে হবে। বিদেশি অনুদানের অর্থ যেকোনো তফসিলি ব্যাংকের একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবের (মাদার একাউন্ট) মাধ্যমে গ্রহণ করতে হবে। কোনো ব্যাংক ব্যুরোর অর্থ ছাড়ের অনুমোদনপত্র ছাড়া বিদেশি অনুদানের টাকা দিতে পারবে না। প্রাপ্ত বৈদেশিক মুদ্রার হিসাব বছরে দুই বার (জুলাই ও জানুয়ারি মাসে) ব্যুরো ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠাবে বাংলাদেশ ব্যাংক।
প্রস্তাবিত আইনানুযায়ী এনজিও-বিষয়ক ব্যুরো কোনো ব্যক্তি ও এনজিও পরিচালিত স্বেচ্ছাসেবামূলক কাজ ও অগ্রগতি পরিদর্শন, পরিবীক্ষণ ও মূল্যায়ন করতে পারবে। এ জন্য ব্যুরো তদারক কমিটি গঠন করতে পারবে। প্রয়োজনে বাইরে থেকেও মূল্যায়ণকারী নিয়োগ করতে পারবে। ব্যুরোর পক্ষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবেন।
এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, মূল্যায়ণের কাজটি ব্যুরোর দায়িত্ব হওয়া উচিত নয়৷ এ বিষয়ে প্রয়োজনে বহি:মূল্যায়ণকারী নিয়োগ করা যেতে পারে৷
প্রতি অর্থবছর শেষ হওয়ার পরবর্তী দুই মাসের মধ্যে প্রত্যেক অনুদান পাওয়া এনজিও এবং ব্যক্তি কাজের বিবরণ-সংবলিত বার্ষিক প্রতিবেদন এনজিও ব্যুরোর মহাপরিচালকের কাছে পেশ করবে।
আইনের খসড়ায় কোনো এনজিও বিলুপ্ত করার জন্য অথবা অন্য কোনো কারণে মোকদ্দমা দায়ের ও মোকদ্দমা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করার বিধান রাখা হয়েছে৷
এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, এটি ঝুঁকি বাড়াবে৷ কারণ, পছন্দ না হলে কোনো এনজিওকে বিলুপ্ত করে দেওয়া হতে পারে৷
আইন লঙ্ঘন করলে অপরাধের মাত্রা অনুযায়ী সতর্ক করা, নিবন্ধন বাতিল, স্থগিত বা স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম বন্ধ করা এবং গৃহীত বিদেশি অনুদানের আর্থিক মূল্যের সর্বনিম্ন পরিমাণ ও সর্বোচ্চ তিনগুণ পরিমাণ অর্থ জরিমানা করা যাবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর বাইরে অপরাধমূলক কর্মকাণ্ড করলে (যেমন সন্ত্রাস, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা) দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।
এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম বন্ধ করা ঠিক হবে না৷
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও পরিচালনার জন্য সামরিক শাসনের সময়ে করা দুটি অধ্যাদেশ আছে। মন্ত্রিসভা আগেই সিদ্ধান্ত নিয়েছিল এই দুটি অধ্যাদেশকে একটি করা। আগেরগুলো পরিপূর্ণ ছিল না। এ-সংক্রান্ত অনেক কার্যক্রম নির্বাহী আদেশে হয়ে আসছে। সবগুলোকে এক করে হালনাগাদ করে আইনটি করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশি অনুদানে স্বচ্ছতা বাড়বে।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ১৯৯০ সালে এনজিও-বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর দুই হাজার ৩০৩টি এনজিও নিবন্ধিত হয়। এর মধ্যে ২৩৩টি বিদেশি। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত অর্থ ছাড় হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। আইনের খসড়া করার আগে এনজিও ব্যক্তিত্বদের পরামর্শ নেওয়া হয়েছে বলে জানান তিনি৷
তবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পরামর্শ নেওয়া হলেও কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে৷ এর ফলে আমলািন্ত্রক জটিলতাও বাড়বে৷ তাঁরা এ বিষয়ে অানুষ্ঠানিকভাবে তাঁদের বক্তব্য জানাবেন৷
গতকালের সভায় জাতীয় বিমা নীতি-২০১৪ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সভায় বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ উন্নয়ন ও পারস্পরিক সুরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
উল্টোপথের কাঁটা নিয়ে আলোচনা: সভায় উপস্থিত একজন মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনায় উল্টোপথে গাড়ি চলা প্রতিরোধে রাজধানীর হেয়ার রোডে স্থাপন করা ধাতব কাঁটা নিয়ে আলোচনা হয়েছে। একজন জ্যেষ্ঠ মন্ত্রী বিষয়টি উত্থাপন করে বলেন, ওই এলাকায় মন্ত্রী ও বিচারপতিরা থাকেন। ওই জায়গায় কী কারণে এটি স্থাপন করা হলো। এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অসুবিধা কোথায়, নিরাপত্তার জন্য তো এটা ভালো হয়েছে।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর পতাকা দেখা যায়নি: প্রধানমন্ত্রী সচিবালয়ে এলে জাতীয় পতাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আরেকটি পতাকা টাঙানো হয়, কিন্তু গতকাল মন্ত্রিসভার বৈঠক উপলক্ষে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে এলেও ওই পতাকা দেখা যায়নি।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, বিশ্বের অনেক দেশে প্রধানমন্ত্রীর জন্য আলাদা পতাকা ব্যবহার করা হয় না। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাইছেন, এখানেও বাড়তি পতাকার প্রয়োজন নেই।