প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঈদের নামাজের পরে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান। গত শুক্রবার আশিকুর রহমানের নিজের গ্রাম ফরিদপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঈদের নামাজের মাইক্রোফোন হাতে নেওয়ামাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান আশিকুর রহমান। পরে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে দ্রুত রংপুর সিএমএইচে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে গত শনিবার হাসপাতাল থেকে বাড়িতে ফিরে বিকেলে ঢাকায় চলে যান।