সাংসদ বিপক্ষে, শঙ্কায় নৌকার প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোদ আওয়ামী লীগের তিন চেয়ারম্যান পদপ্রার্থী। পিরোজপুরের নাজিরপুর উপজেলার এই তিন প্রার্থীর অভিযোগ, স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল তাঁর পছন্দের যেসব প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছিলেন, তাঁরা শেষ পর্যন্ত এখানে মনোনয়ন পাননি। ফলে তিনি দল মনোনীত প্রার্থীদের বদলে তাঁর পছন্দের বিদ্রোহীদেরই সমর্থন করছেন। এ অবস্থায় কোণঠাসা হয়ে পড়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।
ইউনিয়ন তিনটি হলো মালিখালী, মাটিভাঙা ও শাঁখারিকাঠি। এই তিন ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীদের আরও অভিযোগ, সাংসদের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক ব্যাপারী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান এবং উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীদের একটা বড় অংশ প্রকাশ্যেই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে ভোট চাইছে।
মাটিভাঙায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বেলায়েত হোসেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এখানে স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন। স্থানীয় অনেকেই বলছেন, আওয়ামী লীগের মূল ও বিদ্রোহী প্রার্থীর কোন্দলে সুবিধাজনক অবস্থানে আছেন বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফয়সাল আলম।
বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতাই বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। তাঁরা এমনও বলছেন বিদ্রোহী প্রার্থীকে ভোট দিলে নৌকায় ভোট দেওয়া হবে। শুধু তাই নয়, আমার পক্ষে যেসব লোক কাজ করছে, তাদেরও সাংসদের নাম বলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।’
তবে জাহিদ হোসেনের দাবি, দলমত-নির্বিশেষে সব মানুষ তাঁকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, ‘আমি ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি ও কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক ছিলাম। স্থানীয় সাংসদের হাত ধরেই আমি আওয়ামী লীগে এসেছি।’
মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুমন মণ্ডল গতকাল বলেন, ‘সাংসদ এখনো আমার বিরোধিতা করছেন। থানা আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থী টিপুর পক্ষে ভোট চাইছেন। বিভিন্ন স্থানে তাঁর লোকজন আমার নেতা-কর্মীদের হয়রানি করছে। আমি রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে টিপু সুলতান বলেন, ‘এখানে যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি কখনো আওয়ামী লীগ করেননি। বরং প্রথমে ছাত্রদল, পরে জাতীয় পার্টি করতেন। স্থানীয় সাংসদসহ জেলার নেতারা কেন্দ্রে আমার নামই পাঠিয়েছিলেন। সুমন মনোনয়ন পেলেও নেতা-কর্মীরা কেউই তাঁর সঙ্গে নেই। আমিই এখানে জয়ী হব।’
শাঁখারিকাঠিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আক্তারুজ্জামান গাউছ। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন এখানে বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগের স্থানীয় নেতারাও তাঁর পক্ষে। খালিদ হোসেন বলেন, ‘আমার বাবা ১৯৭৬ সাল থেকে এখানে নির্বাচন করেন। আটবার হেরেছেন। দুইবার জিতেছেন। জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক। আমি সিডরের সময় এই এলাকার চেয়ারম্যান ছিলাম। সব মিলিয়ে এলাকার লোক আমার সঙ্গে।’
আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ কে এম এ আউয়াল ও জেলার নেতারা পিরোজপুরের আটটি উপজেলার ৪২টি ইউনিয়নের প্রার্থী হিসেবে যাঁদের নাম পাঠিয়েছিলেন শেষ পর্যন্ত তার ১০টিতেই প্রার্থী বদলে যায়। এই ১০টি ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এসব জায়গায় আওয়ামী লীগের নেতারা বিদ্রোহী প্রার্থীকেই সমর্থন দিচ্ছেন।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ কে এম এ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘মালিখালীতে যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে সে ছাত্রদল করত। ২০০৮ সালেও সে আমার নির্বাচন করে নাই। হঠাৎ করে কেউ আসলে তো আর নেতা-কর্মীদের সমর্থন পাবে না। মাটিভাঙায় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ আছে।’
সাংসদ আউয়াল বলেন, ‘বিদ্রোহী প্রার্থী নিয়ে কিছু সমস্যা আছে। এলাকায় যেতে পারলে সবাইকে নিয়ে বসে সমস্যার সমাধান করব।’