সাংসদ মজিবরকে কালীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করল উপজেলা আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সাংসদ মজিবর রহমানকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অবাঞ্ছিত ঘোষণা করেছে। অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে গতকাল বুধবার তাঁকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। এদিকে একই দিন দুপুরে লালমনিরহাট প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একই অভিযোগে সংবাদ সম্মেলনও করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কালীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপি এবং সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্য থেকে জানা যায়, সাংসদ ও ধর্ম মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মজিবর রহমান মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। একসময়ের বিএনপিদলীয় এই নেতা বর্তমানে বিএনপি ও জামায়াত নেতাদের যোগসাজশে এলাকায় তাঁর কার্যক্রম চালাচ্ছেন। তাঁর অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তাহির তাহু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোনাব আলী, তুষভান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ। এদিকে কালীগঞ্জের বাসিন্দা ও জেলা বিএনপির সহসভাপতি সালেহ্ উদ্দিন আহমেদ বলেন, সাংসদকে অবাঞ্ছিত ঘোষণার কথা আমরাও শুনেছি। তবে বিএনপিকে সহযোগিতার যে কারণ দেখিয়ে এটা করা হয়েছে, তা ঠিক নয়। আসলে মহাজোটের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তা ছাড়া বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের দান করা জমিতেই চাপারহাট উচ্চবিদ্যালয় হয়েছে। সে হিসেবে তাঁকে সভাপতি করতে সাংসদ ডিও লেটার দেন।সাংসদ মজিবর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতারা আমার কাছে অন্যায় সুবিধা না পেয়ে এসব বানোয়াট অভিযোগ করছেন। তবে এসব নিয়ে আমি চিন্তিত নই। কারণ, জনগণ আমাকে অবাঞ্ছিত করেনি। তা ছাড়া এসব ঘোষণা আদৌ কোনো ফল বয়ে আনবে কি না, তা ভবিষ্যৎই বলে দেবে।