
ময়মনসিংহ-৪ (সদর) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মতিউর রহমানের সঙ্গে পাটগুদাম বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাফফর আলী খানের ঘনিষ্ঠ সম্পর্ক ৪০ বছরের। কিন্তু ওই সম্পর্ক এখন ভেঙে গেছে।
মোজাফফর অভিযোগ করেন, সাংসদের পছন্দমতো শিক্ষক নিয়োগ না দেওয়ায় বিরোধের জের ধরে সম্পর্ক ভেঙে গেছে। তাঁকে থানাহাজতেও যেতে হয়েছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে, ময়মনসিংহ সদরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগসহ সবকিছু হয় সাংসদের পছন্দে। চারটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির প্রধান তিনি। গুরুত্বপূর্ণ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটির প্রধান তাঁর পরিবারের সদস্য বা ঘনিষ্ঠজন। এসব কমিটির বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।
জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, বর্তমান সরকারের আমলে ময়মনসিংহ সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯৭ জন শিক্ষক নিয়োগ হয়েছে। এ ছাড়া গ্রন্থাগারিক, প্রহরী, দপ্তরি ও নৈশপ্রহরী পদে অনেক নিয়োগ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েছেন কয়েক শ।
৪০ বছরের সম্পর্কচ্ছেদ: অনুসন্ধানে জানা গেছে, পাটগুদাম বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ চার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১১ সালে। স্থানীয় এক ব্যক্তি মামলা করলে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাফফর আলী নিয়োগপ্রক্রিয়া বন্ধ করেন। কিন্তু সাংসদের চাপে মামলা থাকা অবস্থাতেই দ্বিতীয় দফায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে সাংসদের সঙ্গে মোজাফফরের বিরোধ তৈরি হয়। অথচ মোজাফফর জেলা কৃষক লীগের সভাপতি পদ পেয়েছেন সাংসদের সমর্থনে।
গত বছর মোজাফফর পুনরায় কমিটির সভাপতি নির্বাচিত হন। কমিটি অনুমোদনের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানো হয়। কিন্তু সঠিকভাবে ভোটার তালিকা করা হয়নি, কয়েকজনের এমন অভিযোগের ওপর সুপারিশ করেন সাংসদ। এরপর কমিটি আটকে যায়। চলতি বছরের ৫ জানুয়ারি ডিও লেটারে (অনানুষ্ঠানিক চিঠি) জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার পারভীনকে কমিটির সভাপতি করার প্রস্তাব পাঠান সাংসদ। ২৪ জানুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ তিনজন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করেন আজিজুন্নাহারকে। এ-সংক্রান্ত চিঠিতে শফিউল্লাহ এ বিষয়ে স্থানীয় সাংসদের সুপারিশের কথা উল্লেখ করেন। আজিজুন্নাহার ফেব্রুয়ারির শুরুতে মোজাফফর ও তিন শিক্ষকের বিরুদ্ধে অফিসকক্ষের চাবি ছিনতাই এবং হাতে আঘাতের অভিযোগে মামলা করেন। পরদিন মোজাফফরকে পুলিশ থানায় নিয়ে সারা রাত আটকে রেখে চারটি সাদা কাগজে সই রেখে সকালে ছেড়ে দেয়। সই নেওয়ার সময় থানায় সাংসদের ব্যক্তিগত কর্মকর্তা আবু সাইদ উপস্থিত ছিলেন।

মোজাফফর অভিযোগ করেন, পরদিন ওই সাদা কাগজের একটি তাঁর পদত্যাগপত্র হয়ে শিক্ষা কর্মকর্তার দপ্তরে যায়। কিছুদিনের মধ্যে শিক্ষা বোর্ড কমিটির সভাপতি হিসেবে শামসুন্নাহারকে অনুমোদন দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে এপ্রিলে আদালত মোজাফফরের পক্ষে রায় দেন। শামসুন্নাহার আপিল করলে তা গ্রহণ করা হয়নি। ৬ জুন বোর্ড মোজাফফরকে অনুমোদন দেয়।
এরপর আজিজুন্নাহার টাকা ছিনতাই ও অফিসকক্ষ ভাঙচুরের অভিযোগে মোজাফফরসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। এ মামলায় মোজাফফর জামিনে আছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পক্ষ-বিপক্ষ দুটিই আওয়ামী লীগের। পরে আদালতই সব ঠিক করে দিয়েছেন। এর বেশি কিছু বলতে পারব না।’
পাটগুদাম বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, সাংসদ ও মোজাফফরের বিরোধের কারণে বিদ্যালয়টিতে এখন দুজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ব্যবস্থাপনা কমিটি এই দায়িত্ব দেয় শঙ্কর চন্দ্র দেবনাথকে। অপরজন মেহেরুন নিসাকে দায়িত্ব দেন জেলা শিক্ষা কর্মকর্তা। এর পেছনে সাংসদের হাত আছে।
মোজাফফর আলী প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ-বাণিজ্য করতে না পেরে সাংসদ আমার সঙ্গে ৪০ বছরের সম্পর্ক ভেঙে দিয়েছেন। আমার ওপর স্টিমরোলার চালিয়েছেন। আমি আল্লাহর কাছে এর বিচার চাই।’ তিনি বলেন, নিজেকে সাংসদের পরিবারের একজন মনে করে তিনি বাজারও করে দিয়েছেন। সাংসদের সন্তানদের পাশে দাঁড়িয়েছিলেন। বিনিময়ে তাঁকে থানাহাজতে যেতে হয়েছে।
জানতে চাইলে মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওরে তো আমি পছন্দ করতাম। কিন্তু ওই স্কুলের শিক্ষকদের সঙ্গে গ্যাঞ্জামে মোজাফফর বিপদে পড়েছে।’
নিয়োগ দিতে কৌশল: গত বছর ফেব্রুয়ারিতে আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম অবসরে গেলে মোস্তাক আহমেদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। গত জুলাইয়ে পরীক্ষা নিয়ে নিহার রঞ্জন রায়কে অধ্যক্ষ করা হয়। তিনি ২০১১ সালে পদার্থবিজ্ঞানের শিক্ষক নিযুক্ত হয়েছিলেন। অভিযোগ রয়েছে, নিহার শিক্ষকতার অভিজ্ঞতা ১৫ বছর পূর্ণ করার পর অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।
নিয়োগ পরীক্ষা হয় এই কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাংসদ মতিউর রহমানের ন্যাম ভবনের ফ্ল্যাটে। অভিযোগ রয়েছে, তাঁর পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতেই এই কৌশল।
ময়মনসিংহ কলেজেরও সভাপতি সাংসদ মতিউর। জানা যায়, ২০১১ সালে কলেজের উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল হায়দার প্রথম হলেও নিয়োগ পান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি সাংসদের চাচাতো ভাই আজহারুল ইসলামের আত্মীয়। সম্প্রতি শফিকুলকে অধ্যক্ষ নিয়োগ করা হয়। অভিযোগ রয়েছে, মোশাররফকে নিয়োগ দিতে এই কৌশল করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামিয়া একাডেমিতে নিয়োগ নিয়ে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সাংসদের দ্বন্দ্ব চলছে। জিয়াউর রহমান কারিগরি কলেজের অধ্যক্ষের বেতন আটকে গেছে নিয়োগ নিয়ে ঝামেলায়।
কৌশলের অভিযোগ অস্বীকার করে মতিউর রহমান বলেন, ‘ধারণা থেকে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ করা হয়। কমিটির মাধ্যমে নিয়োগ হয়। আমার দায়িত্ব স্বচ্ছতা নিশ্চিত করা। তা আমি করছি।’
কমিটি পারিবারিকীকরণ: সাংসদের ভাই আফাজউদ্দিন সরকার সদর উপজেলার হাজি জালাল উদ্দিন উচ্চবিদ্যালয়ের সভাপতি, চাচাতো ভাই গোলাম সারোয়ার ময়মনসিংহ উচ্চবিদ্যালয় ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী কলেজের সভাপতি। আরেক চাচাতো ভাই আজহারুল ইসলাম মুসলিম হাইস্কুলের সভাপতি, বেয়াই নুরুল ইসলাম কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ ও শহীদ জিয়াউর রহমান কারিগরি কলেজের সভাপতি, ভাগনে বুলবুল আহমেদ বেগুনবাড়ি উচ্চবিদ্যালয়ের সভাপতি। আরেক ভাগনে আমিনুল ইসলাম সানফ্লাওয়ার উচ্চবিদ্যালয়ের সভাপতি। আজহারের মামাতো ভাই ইসহাক আলী নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি। সিটি কলেজিয়েট স্কুলের সভাপতি হোসাইন জাহাঙ্গীর সাংসদের ঘনিষ্ঠ আত্মীয়।
এ বিষয়ে সাংসদ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আমাদের বংশের অনেক অবদান। যোগ্যতাবলেই তাঁরা এগুলোর সভাপতি।’
জামাতার প্রশ্নবিদ্ধ নিয়োগ: সাংসদের জামাতা হুমায়ুন কবির বর্তমান সরকারের আমলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ পান। গত ফেব্রুয়ারিতে তাঁকে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়। এই নিয়োগে অনিয়মের অভিযোগ এনে আন্দোলন করেছেন বিএনপিপন্থী শিক্ষকেরা। আওয়ামী লীগপন্থী শিক্ষকদেরও অনেকে এ নিয়োগ মানতে পারেননি। নিয়োগে অনিয়মের তদন্ত করার দাবিতে বার্ষিক বনভোজন বর্জন করেন অনেক শিক্ষক।
সাংসদ মতিউর এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। জানা গেছে, সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেতে প্রভাষক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে সহকারী রেজিস্ট্রারের চাকরির অভিজ্ঞতাকে আমলে নেওয়া হয়।
বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের সভাপতি অধ্যাপক ইদ্রিস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি।’
জানতে চাইলে সাংসদ বলেন, ‘জামাইয়ের নিয়োগ আইন মেনেই হয়েছে।’ পাশে বসা সাংসদের ছেলে মুহিত উর রহমান বলেন, বিএনপিপন্থী শিক্ষকেরা ঈর্ষা থেকে প্রতিবাদ করেছেন।