সাংসদ মনজুরুল ফের অন্তর্বর্তীকালীন জামিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আবার এক মাসের বেশি সময় অন্তর্বর্তী জামিন পেয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম। আজ মঙ্গলবার গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরুজ্জামান শিকদার ১৭ জানুয়ারি পর্যন্ত এ জামিন মঞ্জুর করেন।

সাংসদের আইনজীবী সিরাজুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, গত ৮ নভেম্বর সংসদ অধিবেশন চলাকালীন পর্যন্ত মনজুরুল ইসলামের অন্তবর্তী জামিন মঞ্জুর করেন আদালত। গত ২৩ নভেম্বর সংসদ অধিবেশন শেষ হয়। পরদিন ২৪ নভেম্বর আবারও স্থায়ী জামিনের জন্য আবেদন করা হলে আজ মামলার ধার্য তারিখ পর্যন্ত সাংসদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন আদালত। এখন আগামী ১৭ জানুয়ারি মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন আদালত।

২ অক্টোবর সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয়। পরদিন ৩ অক্টোবর রাতে সাংসদকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া।

১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাঁকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই দিন দুপুর ১২টায় তাকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৮ নভেম্বর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।