সাংসদ মনজুরুল হত্যা মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলার প্রধান আসামি সাবেক সাংসদ কর্নেল (অব.) আবদুল কাদের খাঁনসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি শেষে এ অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের সময় আদালতে সাবেক সাংসদ আবদুল কাদের খাঁনসহ সাতজন আসামি উপস্থিত ছিলেন। অন্যরা হলেন কাদের খানের ব্যক্তিগত সহকারী (পিএস) শামছুজ্জোহা, প্রধান সহযোগী সুবল চন্দ্র, কাদের খানের গাড়ি চালক আবদুল হান্নান, তাঁর বাসার তত্ত্বাবধায়ক শাহিন মিয়া ও মেহেদী হাসান এবং সহকারী রানা মিয়া। তাঁরা গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন। তবে অভিযুক্ত চন্দন কুমার পলাতক আছেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম বলেন, ২০১৭ সালের ৩০ এপ্রিল সাংসদ লিটন হত্যা মামলায় কাদের খানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ আবদুল কাদের খানসহ সাত আসামিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার পরবর্তী তারিখে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তিনি আরও বলেন, ‘ভারতে পালিয়ে থাকা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি চন্দন কুমার সরকারকে গ্রেপ্তার ও তার বাড়ি ক্রোকে আদেশ জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করে দেশে আনার প্রক্রিয়া চলছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার মাস্টারপাড়া গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মনজুরুল ইসলাম লিটন। পরের দিন লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। হত্যার পরিকল্পনাকারী হিসেবে একই আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল কাদের খাঁন নজরবন্দী রাখার পর গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগুড়ার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২৫ ফেব্রুয়ারি হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন আবদুল কাদের খান।
এ ছাড়া কাদের খাঁনের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র আইন মামলায় গত বছরের ৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বর্তমানে অস্ত্র আইন মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণের পর বিচার কাজ চলছে।