সাংসদ মনজুরুল হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আনোয়ারুল ইসলাম ওরফে রানা। গতকাল বুধবার বিকেলে রাজধানী ঢাকা থেকে রানাকে গ্রেপ্তার করে গাইবান্ধা জেলা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে এ কথা জানান গাইবান্ধা জেলার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম। জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গ্রেপ্তারের পর রানাকে গাইবান্ধায় আনা হচ্ছে। রানা বাবার নাম তমশের আলী। সুন্দরগঞ্জ উপজেলার ভেলারায় কাজিরভিটা গ্রামে তাঁর বাড়ি।

এর আগে এ মামলায় সাবেক সাংসদ কাদের খানসহ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক গতকাল চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, সাংসদ মনজুরুল হত্যার ‘পরিকল্পনাকারী’ আবদুল কাদের খান। তাঁর ইচ্ছা ছিল, মনজুরুলকে সরিয়ে পথ পরিষ্কার করে পরবর্তী সময়ে সাংসদ হবেন।