সাংসদ মনজুরুল হত্যা মামলায় দুজনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম (লিটন) হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল আলম ও জহিরুল হকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ আজ রোববার এ আদেশ দেন।

গতকাল শনিবার বিকেলে আশরাফুল ও তাঁর সহযোগী জহিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান আজ বিকেলের প্রথম আলোকে বলেন, আশরাফুল আলম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে। আর তাঁর ঘনিষ্ঠ সহযোগী জহিরুল হক। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গত বুধবার রাতে ঢাকার বাড্ডা থেকে তাঁদের গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করে। তাঁদের সাংসদ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন নিহত হন।