সাংসদ মনজুরুল হত্যা মামলায় ২ জন রিমান্ডে
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার মাসুদুর রহমান ও সাইফুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুর ১২টার দিকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ এ আদেশ দেন। পুলিশ তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ।
গত শুক্রবার ভোররাতে সাংসদ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘাগোয়া গ্রামের বাড়ি থেকে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিছুর রহমান জানান, মাসুদুরকে জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আবেদন জানায় পুলিশ। আদালত সে সময় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।
মাসুদুর রহমান সুন্দরগঞ্জের ইমামগঞ্জ সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি দীর্ঘ পাঁচ বছর জামায়াতের সাবেক স্থানীয় সাংসদ আবদুল আজিজের একান্ত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন। মনজুরুল ইসলাম সাংসদ নির্বাচিত হলে তিনি তাঁর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এ ছাড়া তিনি নিজেকে নিরাপদ রাখতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
এদিকে ১০ জানুয়ারি সাইফুল ইসলামকে দিনাজপুরের সদর উপজেলার তাজপুর গ্রামে তাঁর বড় বোনের বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার দাবি করে। এরপর তিনি নয় দিন নিখোঁজ ছিলেন। ১৮ জানুয়ারি সুন্দরগঞ্জ উপজেলা শহরের গাইবান্ধা রোড থেকে সাইফুল ইসলামকে আটক করে সাংসদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিন তাঁকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়। ওই আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ রিমান্ড শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেন। সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান আজ দুপুরে মোবাইলে প্রথম আলোকে বলেন, তাঁরা সাংসদ হত্যার ঘটনায় জড়িত কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল ইসলাম খুন হন।