সাংসদ মনজুরুল হত্যায় জামায়াত নেতার রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম (লিটন) হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের পূর্ব অঞ্চলের আমির সাইফুল ইসলাম মণ্ডলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. ময়নুল হাসান ইউসুফ এ আদেশ দেন।

এর আগে আজ সকালে সুন্দরগঞ্জ থানার পুলিশ সাইফুলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি নিয়ে আদালত তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সুন্দরগঞ্জ উপজেলার চেংমারি গ্রামের নিজ বাড়ি থেকে সাইফুল ইসলাম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের পূর্ব অঞ্চলের আমির এবং চেংমারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জে ঘরে ঢুকে গুলি করে সাংসদ মনজুরুল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে।

ওসি জানান, সাংসদ হত্যা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুল ইসলাম মণ্ডল ছাড়া বাকি সাতজন হলেন সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব ওরফে মাসুদ এবং জামায়াতের ছয় নেতা ফরিদ মিয়া, সামিউল ইসলাম, হাদিসুর রহমান, জিয়াউর রহমান, হজরত আলী ও নবিনুর খন্দকার।