পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের পুলিশ চিহ্নিত করেছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে।
গতকাল সোমবার সকালে ঢাকার আশুলিয়ায় শিল্প পুলিশ-১-এ নারী কনস্টেবলদের প্রথম ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহীদুল হক এ কথা বলেন।
শহীদুল হক বলেন, পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলেই পুলিশ আজ জঙ্গিবাদের বিরুদ্ধে সফল ভূমিকা রাখতে পারছে।
এর আগে আইজিপি শিল্প পুলিশের ব্যারাক ভবন ও অস্ত্রাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুস সালাম, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান সাফিউর রহমান, শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।