সাংসদ মনজুরুল ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু শাহাদাতকে গুলি করার অভিযোগে করা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলামের ফের জামিন মঞ্জুর হয়েছে। আজ রোববার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান ইউসুফ আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আসামির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এ সময় সাংসদ আদালতে উপস্থিত ছিলেন।

সাংসদ মনজুরুলে আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ৮ নভেম্বর আদালত সংসদ অধিবেশন চলা পর্যন্ত মনজুরুল ইসলামের প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। ২৩ নভেম্বর সংসদ অধিবেশন শেষ হয়। পরদিন ২৪ নভেম্বর আবারও স্থায়ী জামিনের জন্য আবেদন করা হলে ৮ ডিসেম্বর মামলার ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন আদালত। ৮ ডিসেম্বর পুনরায় জামিনের আবেদন জানানো হলে আজ রোববার মামলার ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর হয়। এখন আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত।

গত বছরের ২ অক্টোবর সাংসদ মনজুরুল ইসলামের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয়। ৩ অক্টোবর রাতে সাংসদকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া।

এরপর ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাঁকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ওই দিন দুপুর ১২টায় তাঁকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।