সাংসদ মনজুরুলকে আত্মসমর্পণের নির্দেশনা স্থগিত চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্জুরুল ইসলাম লিটন
মঞ্জুরুল ইসলাম লিটন

শিশু শাহাদাত হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় করা দুই মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলামকে বিচারিক আদালতে আত্মসমর্পণে হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আজ মঙ্গলবার এ আবেদন করা হয়। দুপুরের দিকে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র জানিয়েছে।
ওই মামলায় গতকাল সোমবার হাইকোর্ট মনজুরুলের আগাম জামিনের আবেদন খারিজ করেন। এ ছাড়া আসামিকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশের পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানিয়ে ছিলেন, আত্মসমর্পণের নির্দেশনা-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। তিনি বলেন, হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিতের আবেদন করবেন, যাতে পুলিশ তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করতে পারে।

অন্যদিকে সাংসদ মনজুরুল গতকাল সাংবাদিকদের বলেন, আদালতের আদেশ অনুযায়ী তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন।

২ অক্টোবর সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদাত আহত হয়। দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন :