সাংসদ মনজুরুলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের উপস্থিতিতে আজ মঙ্গলবার আবারও তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় বিচারক মনিরুজ্জামান শিকদার ৮ ডিসেম্বর পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে ৮ নভেম্বর সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত। গতকাল সোমবার ১০ম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শেষ হয়।

সাংসদ মনজুরুলের আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৮ নভেম্বর সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত সাংসদ মনজুরুল ইসলামের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত। কাল সংসদ অধিবেশন শেষ হয়। তাই আজ সাংসদ মনজুরুল ইসলাম আদালতে উপস্থিত হয়ে স্থায়ী জামিনের জন্য আবেদন করেন। আদালত ৮ ডিসেম্বর মামলার ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

২ অক্টোবর সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয়। পরদিন ৩ অক্টোবর রাতে সাংসদকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাঁকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই দিন দুপুর ১২টায় তাকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৮ নভেম্বর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।