সাংসদ মনজুরুলের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।


২১ অক্টোবর সাংসদ মনজুরুল গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলায় জামিনের আবেদন করেন। আজ রোববার শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াহিদুজ্জামান সাংসদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

সাংসদের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা সাংসদের বিরুদ্ধে করা দুইটি মামলায় জামিনের জন্য আদালতে আবেদন করেছিলাম। আজ ওই দুই মামলার শুনানি শেষে আদালত শিশুকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন। অপর মামলার আদেশ আজ দুপুর দুইটা পর্যন্ত পাওয়া যায়নি।’

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় করা দুই মামলায় ১৪ অক্টোবর রাতে গ্রেপ্তার হন সাংসদ মনজুরুল ইসলাম। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২ অক্টোবর সকালে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের বাড়ির পাশের সড়কে চাচার সঙ্গে হাঁটতে বের হয় শিশু শাহাদাত। তখন সে সাংসদ মনজুরুলের গুলিতে আহত হয়। এই ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক আন্দোলন হয়। দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। ৩ অক্টোবর রাতে শাহাদাতের বাবা সাজু মিয়া হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে সাংসদ মনজুরুলের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। ওইদিনই (৩ অক্টোবর) সন্ধ্যায় সাংসদ তাঁর আত্মীয়র মাধ্যমে দুইটি অস্ত্র থানায় জমা দেন। ৬ অক্টোবর রাতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উপজেলার উত্তর শাহবাজ গ্রামের হাফিজার রহমান মণ্ডল বাদী হয়ে সাংসদকে প্রধান আসামি করে মোট ১০ জনের বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা করেন।

কয়েক দিন অজ্ঞাত অবস্থানে থাকার পর উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিন চান সাংসদ মনজুরুল। আদালত তা নাকচ করে দিয়ে গাইবান্ধার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ১৪ অক্টোবর রাতে ঢাকার উত্তরার এক বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে গাইবান্ধার পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকার মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।