সাংসদ মনজুরুলের জামিনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ মনজুরুল ইসলাম । ফাইল ছবি
সাংসদ মনজুরুল ইসলাম । ফাইল ছবি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম জামিনের আবেদন করেছেন।
আজ বুধবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে জামিনের এই আবেদন করা হয়। আদালত আগামী ২৫ অক্টোবর এই আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করেছেন।
শিশু শাহাদাত হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার দুই মামলায় গ্রেপ্তার হওয়ার পর মনজুরুলকে গত ১৫ অক্টোবর কারাগারে পাঠানোর আদেশ দেন গাইবান্ধার আদালত। তখন এই সাংসদের জামিনের আবেদন নাকচ হয়।
২ অক্টোবর সকালে সুন্দরগঞ্জ উপজেলার বাড়ির কাছের সড়কে হাঁটতে বের হয় শিশু শাহাদাত। তখন সে সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে আহত হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় সুন্দরগঞ্জে ব্যাপক ক্ষোভের পাশাপাশি দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
শাহাদাতের বাবা সাজু মিয়া হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে সাংসদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। পরে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হাফিজার রহমান মণ্ডল নামের একজন সাংসদ ও তাঁর কয়েকজন সমর্থকের বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা করেন। 
কয়েক দিন অজ্ঞাত অবস্থানে থাকার পর উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিন চান সাংসদ মনজুরুল। আদালত তা নাকচ করে দিয়ে তাঁকে গাইবান্ধার আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
১৪ অক্টোবর রাতে উত্তরার এক বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।