গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নিহত সাংসদ মনজুরুল ইসলামের বড় বোন আফরোজা বারীর ব্যক্তিগত গাড়িতে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের একাংশের মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আফরোজা বারী শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে উপজেলা শহরের বিএডিসি অফিসের সামনে এই ঘটনা ঘটে। তবে এতে গাড়ির কাচ ভাঙলেও কেউ আহত হননি।
উপনির্বাচনে মনজুরুল ইসলামের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান এবং বড় বোন আফরোজা বারীর দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে দ্বন্দ্বের কারণে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কথায়, আফরোজা বারী তাঁর জামাতা ও নাতিকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে ফুল দিতে যান। ফুল দেওয়ার পর তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি কলেজের দিকে যাচ্ছিলেন। তখন তাঁর জামাতা ও নাতি গাড়ি নিয়ে তাঁদের পেছনে ধীরগতিতে যাচ্ছিল। বিএডিসি অফিসের সামনে পৌঁছালে উপজেলা ছাত্রলীগের একটি মিছিল থেকে গাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়।
আফরোজা বারীর জামাতা তারিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘ছাত্রলীগের মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হয়। আমরা গাড়ির ভেতরে শুয়ে পড়ে বেঁচে যাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, উপনির্বাচনে সাংসদ মনজুরুলের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহানকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য যুবলীগ ও ছাত্রলীগ সংবাদ সম্মেলন করেছিল। আওয়ামী লীগের একাংশ আবার আফরোজা বারীকে মনোনয়ন দিতে পৃথক সংবাদ সম্মেলন করে। এ নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় আফরোজা বারীর মেয়ে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, গাড়ি ভাঙচুরকারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।