সাংসদ মন্জুরুলের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু শাহাদাত হোসেনকে গুলি করার মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল রোববার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফের আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
গাইবান্ধার আদালত পরিদর্শক এনামুল হক বলেন, সকালে অভিযোগপত্র আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুজ্জামান।
এদিকে গতকাল একই আদালত সাংসদের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন। এ সময় সাংসদ আদালতে উপস্থিত ছিলেন।
সাংসদ মন্জুরুলের আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে সাংসদ মন্জুরুলের স্থায়ী জামিনের আবেদন জানানো হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ৭ মার্চ একই আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত গতকাল পর্যন্ত সাংসদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন।
২০১৫ সালের ২ অক্টোবর সাংসদ মন্জুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদাত হোসেন (৯) আহত হয়। পরদিন ৩ অক্টোবর রাতে সাংসদকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন শাহাদাতের বাবা সাজু মিয়া। ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৮ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।