সাংসদ মন্জুরুলের এক মামলায় জামিন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলাম লিটন আজ বুধবার বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হওয়া মামলায় জামিন পেয়েছেন।
দুপুরে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ তাঁর জামিন মঞ্জুর করেন।
অবশ্য শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলায় তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন আদালত। এ কারণে সাংসদকে কারাগারেই থাকতে হচ্ছে। জামিন শুনানির সময় সাংসদ আদালতে উপস্থিত ছিলেন না।
সাংসদের পক্ষে আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমরা আজ দুই মামলার জামিনের জন্য আদালতে আবেদন জানাই। আদালত বাড়ি ভাঙচুর ও লুটপাটের মামলার জামিনের আবেদন মঞ্জুর করেন। কিন্তু শিশু শাহাদাত হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় জামিনের আবেদন তৃতীয় দফায় নামঞ্জুর করেছেন আদালত।
গত ২ অক্টোবর সাংসদ মন্জুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংসদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন শাহাদাতের বাবা সাজু মিয়া। ৭ অক্টোবর সাংসদসহ ১০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মন্ডল। তিনি মামলার এজাহারে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন। গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাংসদকে এই দুই মামলায় গ্রেপ্তার করে পুলিশ।