সাংসদ মন্জুরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্জুরুল ইসলাম
মন্জুরুল ইসলাম

দুই মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্‌জুরুল ইসলাম ওরফে লিটনের জামিনের আবেদন আবার নামঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আবেদনের ওপর শুনানি শেষে গতকাল রোববার এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জের গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টাসহ দুটি মামলায় ২১ অক্টোবর গাইবান্ধার আদালতে জামিনের আবেদন করেন সাংসদ মন্‌জুরুল। গতকাল রোববার এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। গতকাল দুপুরে শুনানি শেষে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াহিদুজ্জামান সাংসদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
সাংসদের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা সাংসদের বিরুদ্ধে করা দুটি মামলায় জামিনের জন্য আদালতে আবেদন করেছিলাম। আজ (গতকাল) শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াহিদুজ্জামান দুটি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন।’
শিশু শাহাদাত ২ অক্টোবর সকালে বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হওয়ার পর সাংসদ মন্‌জুরুলের গুলিতে আহত হয় বলে অভিযোগ ওঠে। সে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ৩ অক্টোবর রাতে শাহাদাতের বাবা সাজু মিয়া হত্যাচেষ্টার অভিযোগে সাংসদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এ ছাড়া ৬ অক্টোবর রাতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উপজেলার উত্তর শাহবাজ গ্রামের হাফিজার রহমান মণ্ডল বাদী হয়ে সাংসদকে প্রধান আসামি করে মোট ১০ জনের বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা করেন।

কয়েক দিন অজ্ঞাত অবস্থানে থাকার পর ঢাকায় উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিন চান সাংসদ মন্‌জুরুল। আদালত তা নাকচ করে দিয়ে গাইবান্ধার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ১৪ অক্টোবর রাতে ঢাকার উত্তরার এক বাসা থেকে ঢাকার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হাতে গ্রেপ্তার হন সাংসদ। পরে তাঁকে গাইবান্ধার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

১৫ অক্টোবর গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে সাংসদকে হাজির করা হয়। এ সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু আদালত ওই আবেদন নাকচ করে সাংসদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।