ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। একজন দলের মনোনীত প্রার্থী, অন্যজন ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষ নেওয়ায় জমে উঠেছে লড়াই।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ ওরফে পিকুল। তাঁর পক্ষে রয়েছেন স্থানীয় ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান। আর পৌর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. মোজাফফার হোসেন মিয়া মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ওরফে মুশা মিয়ার ভাই। এ ছাড়া বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুশ শুকুর, যিনি পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য।
দলীয় সূত্রগুলো বলছে, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বটা আগের হলেও পৌর নির্বাচন নিয়ে তা প্রকাশ্যে এসেছে। সাংসদ সরাসরি মাঠে নামতে না পারলেও নানাভাবে কাজ করে দলীয় প্রার্থীকে জেতানোর চেষ্টা করছেন। তিনি এই নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে নিয়েছেন। অন্যদিকে মোশাররফ নিজের ভাইয়ের পক্ষে সরাসরি মাঠে নেমেছেন। তাঁর জন্য এটা অস্তিত্ব রক্ষার লড়াই। কারণ, এরই মধ্যে মোশাররফকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে। তবে বোয়ালমারীতে শেষ পর্যন্ত মূল লড়াইটা হতে পারে স্বতন্ত্র প্রার্থী মোজাফফার ও বিএনপির প্রার্থী শুকুরের মধ্যে। মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে এবং ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাসই মিলছে।
বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামার গ্রামের ব্যবসায়ী খোকন রায় বলেন, ‘এ নির্বাচন তো মুশা বনাম রহমানের নির্বাচন হয়ে উঠেছে। তবে আমরা চাই ভোট শান্তিপূর্ণ হোক। ভোটের দিন পরিবেশ ভালো থাকলে কেন্দ্রে যাব।’ একই ওয়ার্ডের রাসেল আহমেদ বলেন, ‘এ নির্বাচন মুশা মিয়ার জন্য অস্তিত্ব রক্ষার এবং সাংসদের জন্য মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। তবে আমরা যেকোনো পরিস্থিতিতে ভোট দিতে চাই।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েও স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘সাংসদ আমাকে এ অবস্থান নিতে বাধ্য করেছেন। সাংসদের সঙ্গে কথা বলেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মোজাফফার হোসেন জনসংযোগ শুরু করেন। কিন্তু পরে সাংসদ আরেকজনকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাঠে নামান।’
‘সাংসদ গাছে তুলে মই কেড়ে নিয়েছেন’—এমন মন্তব্য করে মোশাররফ হোসেন বলেন, ‘এ নির্বাচনে পৌর কমিটির সবাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে রয়েছেন। আমি স্থানীয় নেতা হিসেবে তাঁদের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।’
তবে দলীয় সিদ্ধান্তের বাইরে এসে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় মোশাররফের তীব্র সমালোচনা করেন সাংসদ আব্দুর রহমান। তিনি বলেন, দল প্রার্থী মনোনয়ন দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারেন না উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এতে দলের ভাবমূর্তি এখন প্রশ্নের সম্মুখীন। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা উচিত।
এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহানকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। গত রোববার রাত আটটার দিকে বোয়ালমারী চৌরাস্তায় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভের পাদদেশে এক পথসভায় এ আহ্বান জানান তিনি। মোশাররফ হোসেনকে বহিষ্কারের দাবি সম্পর্কে তিনি বলেন, ঢাকায় ফিরে তিনি দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবগত করবেন।
আচরণবিধি ভঙ্গের অভিযোগ: এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর বোয়ালমারী পৌরসভা নির্বাচনে সাংসদ আব্দুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বোয়ালমারী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মু. খায়রুজ্জামানকে দেওয়া এক লিখিত অভিযোগে তিনি বলেন, সাংসদ আব্দুর রহমান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।