সাংসদ মান্নানের স্ত্রী সভাপতি, পিএ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃত্ব পেয়েছেন স্থানীয় সাংসদ আবদুল মান্নানের স্ত্রী ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএ)। সাড়ে নয় বছর পর ১৬ জানুয়ারি সম্মেলনে সাংসদের স্ত্রী শাহাদারা মান্নান সভাপতি এবং পিএ আলমগীর শাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা এই কমিটিকে সাংসদের পারিবারিক কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন। তবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর শাহী অবশ্য বলেছেন, নেতা-কর্মীরা মনে করছেন, যাঁরা আগে দায়িত্বে ছিলেন কিন্তু কোনো কাজ করতে পারেননি, তাঁরাই এসব অপ্রচার চালাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সংসদ নির্বাচনের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বেশ কয়েকজন নেতা সাংসদের বিরুদ্ধে অবস্থান নেন। দলের দুই পক্ষের কোন্দলের জের ধরে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুস সালাম বলেন, সাংসদ যা চেয়েছিলেন, তা-ই হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা বলেন, এটি সাংসদের পারিবারিক কমিটি হয়েছে। টাকা দিয়ে, ভয় দেখিয়ে, কাবিখার লোভ দেখিয়ে কাউন্সিলরদের কাছ থেকে ভোট নেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। তবে এসব অভিযোগ প্রসঙ্গে সাংসদের ব্যক্তিগত সহকারী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর শাহী বলেন, টাকা দিয়ে, ভয় বা লোভ দেখিয়ে কাউন্সিলরদের কাছ থেকে ভোট নেওয়ার অভিযোগ ঠিক নয়।