সাংসদ মুরাদ জংসহ ৩৮ জনের নাম বাদ দিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে ঢাকা-১৯ আসনের সরকারদলীয় সাংসদ মুরাদ জং, তাঁর মা, ভাই, সাভার থানার দুজন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি আদালত। গত মঙ্গলবার ঢাকা জেলার সাভার থানার দক্ষিণ বক্তারপুরের বাসিন্দা এ কে এম আজাদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি করেন। মামলায় সাংসদ মুরাদ জংসহ ৪৪ জনকে আসামি করা হয়।ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক শাহজাহান কবির গতকাল বুধবার মুরাদ জং, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাঁচ এসআইসহ ৩৮ জনের নাম বাদ দিয়ে বাকি ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলাটি আমলে নেন। আদালত ছয়জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আসামিরা হলেন: আহেদ আলী, মানিক মোল্লা, রব মিয়া, লাল মিয়া, মনির হোসেন ও আমির হোসেন তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক শাহজাহান কবির সাজু।মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ৮ ফেব্রুয়ারি সাংসদ মুরাদ জংয়ের নির্দেশে আসামিরা বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে রাজি না হওয়ায় ১১ ফেব্রুয়ারি মুরাদ জং ও তাঁর মায়ের নির্দেশে অন্য আসামিরা সাভার থানা পুলিশের উপস্থিতিতে বাদীর বাড়ি ও দোকানে লুটপাট চালিয়ে ভাংচুর করেন। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় সাভার থানায় মামলা করতে গেলে বাদীর মামলা না গ্রহণ করে উল্টো বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন। বাদীর জায়গা দখল করে সাংসদ মুরাদ জং তাঁর বাবার নামে মসজিদ ও মাদ্রাসা করেছেন বলে মামলার আরজিতে বলা হয়।