জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, সাংসদ মুরাদ হাসানের গাড়িবহরে হামলা করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংসদ মুরাদ হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ নেতা-কর্মীরা।বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী পৌরসভার মেয়র ফরিদুল কবির তালুকদার নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতে আওয়ামী লীগের সাংসদ মুরাদ হাসানকে হত্যার ষড়যন্ত্র করেছেন। এরই অংশ হিসেবে ২০ আগস্ট বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানস্থল বগারপাড় দিয়ে যাওয়ার পথে সাংসদের গাড়ির বহরে হামলা করে ফরিদুলের পক্ষের সন্ত্রাসীরা। এর দুই দিন পর বিএনপির নেতা-কর্মীদের হামলায় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হাসান তরফদার গুরুতর আহত হন। তাঁরা একই দিন সরিষাবাড়ী ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করেন। এসব সন্ত্রাস প্রতিরোধে দলীয় সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।অভিযোগ অস্বীকার করে সরিষাবাড়ী পৌরসভার মেয়র ফরিদুল কবির তালুকদার জানান, বিএনপির কোনো নেতা-কর্মী সাংসদ মুরাদ হাসানের গাড়ি বহরে হামলা করেনি। ২০ আগস্ট বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। বরং সাংসদের ওপর ক্ষুব্ধ আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা তাঁর গাড়িতে হামলা এবং ট্রাক শ্রমিক কার্যালয় ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।