সাংসদ-মেয়র দ্বন্দ্ব: ভিজিএফ বঞ্চিত দেড় হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে ঈদের জন্য বরাদ্দ ভিজিএফের গম পেল না দেড় হাজার হতদরিদ্র মানুষ। এ নিয়ে স্থানীয় সাংসদ দায়ী করছেন পৌরসভার মেয়রকে আর মেয়র দায়ী করছেন সাংসদকে। 

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে তানোর পৌরসভার ১ হাজার ৫৪০ জন সুবিধাভোগীর জন্য সাড়ে ১৫ মেট্রিক টন ভিজিএফ বরাদ্দ দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, ১৩ কেজি করে গম বিতরণ করার কথা। কিন্তু ঈদের আগে আর সেই গম বিতরণ করা সম্ভব হচ্ছে না।
তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান বলেছেন, তিনি বিএনপির সমর্থনে নির্বাচিত মেয়র। এ কারণে শুধু ভিজিএফ নয়, পরিষদের সব ধরনের সুবিধাভোগীর তালিকা প্রস্তুতে সাংসদ ওমর ফারুক চৌধুরী হস্তক্ষেপ করেন। তিনি আরও বলেন, এর আগে ভিজিএফ বিতরণ নিয়ে সাংসদ ক্ষমতার অপব্যবহার করে মাত্র ১৬ কেজি ভিজিএফের চাল চুরির মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার করান। সাংসদের রোষানল থেকে বাঁচতে তিনি ভিজিএফ বিতরণ থেকে সরে দাঁড়িয়েছেন।
মিজানুর রহমান জানান, এবার তাঁর সঙ্গে পৌরসভার সব কাউন্সিলর এক হয়ে ভিজিএফ বিতরণে অব্যাহতি চেয়ে গত ২১ জুন পরিষদে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা ওই দিন জেলা প্রশাসক বরাবর ভিজিএফের গম বিতরণে অব্যাহতি চেয়ে চিঠি দেন। সেখানে ভিজিএফ সুষ্ঠুভাবে বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়।
তবে এ ব্যাপারে কথা বলার জন্য জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শওকত আলী জানিয়েছেন, ভিজিএফ বিতরণে অপারগতার বিষয়টি তিনি জানেন না।
এ অবস্থায় সাংসদের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শওকাত আলী ২৪ জুন রাতে মেয়রকে মুঠোফোনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফকে ভিজিএফ বিতরণের দায়িত্বভার হস্তান্তরের অনুরোধ জানান। এরপর মেয়র মিজানুর রহমান আজ রোববার দুপুর ১২টার দিকে ভিজিএফ বিতরণের দায়িত্বভার লিখিতভাবে হস্তান্তর করেন।
দায়িত্ব পাওয়ার পর কাউন্সিলর আবদুল লতিফ জানান, ভিজিএফের গম বিতরণের দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে উত্তোলন করা হয়েছে। কিন্তু সময় নেই। এ কারণে ঈদের পর বুধবারে ভিজিএফের গম বিতরণ করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁর (সাংসদের) এবং সরকারের বদনাম করার জন্য মেয়র ভিজিএফের গম বিতরণে অনীহা প্রকাশ করেছেন। তিনি গম বিতরণের জন্য কোনো তালিকাও তৈরি করেননি। তিনি বিষয়টি বুঝতে পেরে জেলা প্রশাসককে ফোন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করেছেন। শেষ পর্যন্ত তাঁরা গম উত্তোলন করেছেন। কিন্তু ঈদের আগে তাঁরা আর বিতরণের সময় পাচ্ছেন না।
সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘মেয়রের শুধু ভিজিএফ বিতরণে অনীহা। এ ছাড়া তিনি পৌরসভার টেন্ডার থেকে শুরু করে সব কাজই করছেন। তাতে তাঁর কোনো অপারগতা দেখা যাচ্ছে না।’