সাংসদ মোস্তফা কামালের প্রতিবাদ
‘বিধি লঙ্ঘন করে ১৫ সাংসদ সংসদীয় স্থায়ী কমিটিতে’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল। প্রতিবাদপত্রে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) তাঁর যে মামলাটি রয়েছে, সেটির অভিযোগপত্র এখনো গঠন করা হয়নি। মামলাটি উচ্চ আদালতে স্থগিত আছে। তিনি শুধু বিধি মোতাবেক ৯৩/১২০ আয়কর অধ্যাদেশের ১৭০ বিধি মোতাবেক আয়কর ফাইলটি রিভিউ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এনবিআরকে অনুরোধ করেছেন। প্রতিবাদপত্রে সাংসদ কামাল বলেন, ‘এই আবেদনটি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির একজন সভাপতি হিসেবে নয়, বরং একজন প্রতিষ্ঠিত করদাতা হিসেবে আমি মনে করি এনবিআরের কাছে আমার অধিকার রয়েছে।’ মোস্তফা কামাল আরও বলেন, এনবিআরের কোনো বিষয়ে তাঁর ব্যক্তিগত, আর্থিক ও প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই। তিনি দেশে আর ৮-১০ জন করদাতার মতো একজন। তিন পৃষ্ঠার এই প্রতিবাদপত্রে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বলেন, ‘এনবিআর আমার ফাইলটি যে আইনে বিচার করবে, অন্য ১০ জনের মতো একই বিধি মেনে করবে। এনবিআরের সঙ্গে আমার আর্থিক সংশ্লিষ্টতা থাকার কথা নয়।’ এতে আরও বলা হয়, এনবিআরের সঙ্গে প্রত্যক্ষ স্বার্থও তাঁর নেই। কারণ আয়কর আইনে প্রচলিত ধারায় অন্যদের মতো তাঁর ফাইলটি সেখানে বিবেচ্য বিষয়।সাংসদ কামাল প্রতিবাদপত্রে আরও বলেন, অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়ে এনবিআরের সঙ্গে তাঁর যে সম্পর্ক, তা কোনোভাবেই ব্যক্তিগত, আর্থিক ও প্রত্যক্ষ স্বার্থ রয়েছে বলে বিবেচিত হতে পারে না। এ রকম হলে দেশে কেউ মন্ত্রী বা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে বলা হয়েছিল, সাংসদ মোস্তফা কামাল এনবিআরে মামলা নিষ্পত্তির বিষয়ে চিঠি দিয়েছেন। সাংসদ নিজে বিষয়টি স্বীকার করেছেন। এনবিআরকে মামলা নিষ্পত্তির বিষয়ে চিঠি লেখার পর কি আর বলার অবকাশ থাকে যে সাংসদ কামালের এনবিআরে কোনো স্বার্থ নেই?