সাংসদ যখন কলেজে, শিক্ষক ও শিক্ষার্থীরা তখন মানববন্ধনে
ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের সাংসদ আবদুর রহমান গতকাল রোববার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ পরিদর্শনে যান। সকাল সাড়ে ১০টায় সাংসদ যখন কলেজে হাজির হন, তখন শিক্ষক-শিক্ষার্থী কেউ উপস্থিত ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজটি জাতীয়করণের দাবিতে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টা থেকে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। কর্মসূচি চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের না পেয়ে সাংসদ প্রায় ৪৫ মিনিট কলেজে বসে থাকেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল বাসার।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ সারিকুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান।
কলেজের উপাধ্যক্ষ সারিকুল হাসান জানান, এরপর সাংসদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাংসদ আবদুর রহমান জানান, তিনি আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ ও আলফাডাঙ্গা আদর্শ কলেজ জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। পর্যায়ক্রমে কলেজ দুটি জাতীয়করণ করা হবে।