সাংসদ রনি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিন নামঞ্জুর হওয়ায় আদালত থেকে রনিকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: মনিরুল আলম
জামিন নামঞ্জুর হওয়ায় আদালত থেকে রনিকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: মনিরুল আলম

সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে রনিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আদালতে আনা হয়। তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়।
রনির আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। মহানগর হাকিম এস এম আশিকুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানি হয়।
শুনানিতে রনির আইনজীবী কবির হোসেন আদালতকে বলেন, এই মামলায় গোলম মাওলা রনি গত রোববার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামিন নেন। তিনি জামিনে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেননি। আসামি ল্যান্ড ফোনে হুমকি দিয়েছেন মর্মে মামলার বাদী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে বলে একটি প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনে কোথাও উল্লেখ করা হয়নি, কোন নম্বর থেকে, কখন ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে।
শুনানিতে কবির হোসেন আরও বলেন, একজন আসামির জামিন বাতিল করতে হলে আইন অনুযায়ী ব্যাখ্যা চেয়ে তাঁকে নোটিশ করতে হবে। এ ক্ষেত্রে আসামির আইনজীবীকে নোটিশ করা হয়েছে। এ পর্যায়ে জামিন বাতিলের কোনো সুযোগ না থাকা সত্ত্বেও বিজ্ঞ আদালত গতকাল তাঁর (রনি) জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। তাঁকে দেড় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। তা না হলে তিনি নিজেই আত্মসমর্পণ করতেন। আসামি গোলাম মাওলা রনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

রনির পক্ষে শুনানিতে আরও অংশ নেন আইনজীবী ওমর ফারুক।

আদালতে সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন রনির জামিন আবেদনের বিরোধিতা করেন। আদালতকে তিনি বলেন, এই আসামি জামিনে গিয়ে হুমকি দিয়েছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। আসামিকে জামিনে মুক্তি দিলে তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এ পর্যায়ে রনির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন।

আদালতে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

উভয় পক্ষের বক্তব্য শুনে বেলা পৌনে দুইটায় আদেশ দেন আদালত। রনির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পরে রনির আইনজীবীরা তাঁকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ও চিকিত্সার সুবিধা চেয়ে আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বেলা সোয়া দুইটার সময় আদালতের হাজতখানা থেকে রনিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সাংবাদিক পেটানোর মামলায় গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন রনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পটুয়াখালী-৩ আসনের এই সাংসদকে গ্রেপ্তার করে।

এর আগে গতকাল ঢাকা মহানগর হাকিম তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মীকে মারধর করেন গোলাম মাওলা। মারধরের শিকার সংবাদকর্মীরা হলেন প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল। ওই দিন সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টিভির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলীকে হত্যাচেষ্টার অভিযোগে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। টিভি চ্যানেলটির অন্যতম মালিক সালমান এফ রহমান ও দুই সংবাদকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই থানায় পাল্টা মামলা করেন গোলাম মাওলা।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। গতকাল জামিন বাতিলের আবেদন করেন হত্যাচেষ্টা মামলার বাদী ইউনুছ আলী। আবেদনে বলা হয়, সাংসদ গোলাম মাওলা জামিন পাওয়ার পর বাদীকে ফোনে হুমকি-ধামকি দিয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করে সাংসদের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে।

রাষ্ট্রপক্ষে সহকারী পুলিশ কমিশনার মিরাজ উদ্দিন বলেন, আসামি গোলাম মাওলা হুমকি দিয়েছেন বলে সত্যতা মিলেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির জামিন বাতিল করা প্রয়োজন।

গোলাম মাওলার আইনজীবী কবির হোসাইন আদালতকে বলেন, ‘জামিন বাতিল করতে হলে আদালত থেকে নোটিশ দিতে হবে। আইনজীবী হিসেবে আমাকে নোটিশ করা হয়েছে, কিন্তু গোলাম মাওলাকে করা হয়নি। পুলিশ যে প্রতিবেদন দিয়েছে, এতে হুমকির অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।’ গোলাম মাওলার পক্ষের অপর আইনজীবী ওমর ফারুক বলেন, এই মামলায় গোলাম মাওলা ৪ আগস্ট পর্যন্ত জামিনে আছেন। তার আগে জামিন বাতিল করার সুযোগ নেই।

শুনানি শেষে বেলা দুইটার দিকে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ গোলাম মাওলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর দেড় ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তার করা হয়। সময় শেষ হয়ে যাওয়ায় গতকাল গোলাম মাওলাকে আদালতে হাজির করা হয়নি।