
সাংবাদিক পেটানোর এক মামলাসহ তিন মামলায় জামিন পেলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনি। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়। বিচারপতি মো. নিজামুল হক ও কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ জামিন মঞ্জুর করেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন রনির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
এর আগে চলতি বছরের ১১ আগস্ট প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে গলাচিপা থানায় দুটি মামলা হয়।
এর আগে রনিকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মুজমদার ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
গোলাম মাওলা রনির বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। সেগুলোতেও জামিনের আবেদন করা হয়েছে।
গত ২০ জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে বেধড়ক পেটান পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা ও তাঁর সহযোগীরা। গুরুতর আহত মহসীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গোলাম মাওলা রনির বিরুদ্ধে থানায় মামলা করার পর প্রথমে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ২৪ জুলাই ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ মামলায় জামিন বাতিল করে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন। ওই দিনই সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টা মামলায় রনিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।