সাংসদ রনির বিরুদ্ধে মামলার বাদীকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনি ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী মো. বদরুল ইসলাম খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বদরুল ইসলাম গতকাল শনিবার বিকেলে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বদরুলের বাড়ি গলাচিপার পূর্ব পাড়ডাকুয়া গ্রামে।
জিডিতে বদরুল অভিযোগ করেন, তিনি চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে সাংসদ রনি ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে গত ১১ আগস্ট গলাচিপা থানায় একটি মামলা করেন। ওই মামলার ২ নম্বর আসামি সাংসদ রনির শ্যালক ডাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মকবুল খান, ৩ নম্বর আসামি রনির চাচাতো শ্যালক মাহাজিব খান, ৫ নম্বর আসামি বাসু দাস, ৭ নম্বর আসামি মো. সান্টু আকন, ৮ নম্বর আসামি হায়দার খান, ৯ নম্বর আসামি মো. জালাল হাওলাদার এবং ১০ নম্বর আসামি মো. মতলেব গাজী সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান। এই আসামিরা গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডাকুয়া ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারে তাঁর (বদরুল ইসলাম) সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁরা মামলা প্রত্যাহার না করলে খুন করা হবে বলে হুমকি দেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল প্রথম আলোকে বলেন, ওই মামলার আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে রয়েছেন। তাঁরা মামলার বাদী বদরুল ইসলামকে মামলা প্রত্যাহার করে নিতে চাপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বদরুল জিডি করেছেন।