সাংসদ রনির ভাই, শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনির ভাই, শ্বশুর, শ্যালকসহ ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে।গলাচিপার ব্যবসায়ী আবদুল মন্নান হাওলাদার গত শনিবার রাতে গলাচিপা থানায় এ মামলাটি করেন। মামলায় সাংসদ গোলাম মাওলার ভাই গোলাম সারোয়ার, শ্বশুর গলাচিপা ডাকুয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. ফজলে আলী খান ও শ্যালক ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল খান, সাংসদের অনুসারী মাহাজিব খান, নাসির উদ্দিন হাওলাদার, বাসু দাস, মিঠু তালুকদার, ছাত্রলীগের নেতা কামরুল তালুকদার ও অজ্ঞাতনামা আটজনকে আসামি করা হয়েছে।এজাহারে অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে মো. মকবুল খানের নির্দেশে ফজলে আলী খান, মাহাজিব খান, নাসির উদ্দিন হাওলাদার, বাসু দাস, গোলাম সারোয়ার, মিঠু তালুকদার, কামরুল তালুকদারসহ অজ্ঞাতনামা আটজন উলানিয়া বন্দরে মামলার বাদী আবদুল মন্নান হাওলাদারের বাড়িতে যান। তাঁরা মন্নান হাওলাদারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে রাজি না হলে মাহাজিব খান তাঁর ঘরের শোকেসের ভেতর থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় আবদুল মন্নানের স্ত্রী ফাতেমা বেগম বাধা দিলে তাঁকে মারধর করে তাঁর কান থেকে ২৩ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নেন নাসির উদ্দিন।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক প্রথম আলোকে বলেন, আবদুল মন্নান হাওলাদারের অভিযোগের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩৮৫, ৩৭৯, ৩৮০, ৫০৬ ও ১০৯ ধারায় মামলা করা হয়েছে।প্রসঙ্গত, সাংবাদিক পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় সাংসদ গোলাম মাওলা রনিকে ২৪ জুলাই পুলিশ গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কারাগারে আছেন।