সাংসদ রনির শ্যালকসহ পাঁচজন কারাগারে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির শ্যালক গলাচিপার ডাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মকবুল খানসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুটি মামলায় গতকাল রোববার ওই পাঁচ আসামি গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গলাচিপা থানার ওসি শিশির কুমার পাল জানান, ২০১০ সালের ১৭ আগস্ট বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশ চলছিল। এ সময় মকবুল খানের নেতৃত্বে এক দল লোক সমাবেশে হামলা চালান। এ ঘটনায় ২০১৩ সালের ১১ আগস্ট গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সামসুজ্জামান বাদী হয়ে সাংসদ গোলাম মাওলা, মকবুল খানসহ ৪১ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা করেন। একই দিন ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পূর্বপাড়ডাকুয়া গ্রামের বাসিন্দা মো. বদরুল ইসলাম খান গলাচিপা থানায় ওই দুই ব্যক্তিসহ ২৯ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে আরও একটি মামলা করেন।