সাংসদ রনির শ্যালকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ায় এক ব্যক্তিকে মিথ্যা মামলায় আসামি করার এবং তাঁর প্রাণনাশের হুমকি দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনির চাচাতো শ্যালক মো. মাহজিব খান। এ ঘটনায় গত রোববার রাতে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব পাড়ডাকুয়া গ্রামের মো. জালাল মোল্লা গলাচিপা থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, তিনি সম্প্রতি কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের কাছে সাংসদ রনির অনুসারীদের কর্মকাণ্ড সম্পর্কে মন্তব্য করেন। এ ঘটনার জের ধরে পূর্ব পাড়ডাকুয়া গ্রামের মোসলেম খানের ছেলে মো. মাহজিব খান গত রোববার তাঁকে মিথ্যা মামলার আসামি করার এবং খুন-জখমের হুমকি দেন।
এর আগে ২৭ জুলাই সাংসদ রনির ভাই গোলাম সারোয়ার, শ্বশুর গলাচিপা ডাকুয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. ফজলে আলী খানসহ ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগে গলাচিপা থানায় একটি মামলা করা হয়। মাহাজিব খান ওই মামলার ২ নম্বর আসামি।