সাংসদ রনির সম্পদের তথ্য ফের অনুসন্ধান করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, আগের জমা দেওয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নতুন কিছু বিষয় আরও বিস্তারিত যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই দুদকের উপপরিচালক তালেবুর রহমান কমিশনের কাছে এ-সম্পর্কিত প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, প্রায় এক বছর অনুসন্ধান শেষে জমা দেওয়া প্রতিবেদনে রনির প্রায় ১২ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়। এ ছাড়া রনির আয়কর রিটার্ন তথ্যেও গরমিল রয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় রনির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারির সুপারিশও করা হয়। কিন্তু এখন নোটিশ জারি না করে রনির সম্পদ নতুন করে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কমিশন।
রনির বিরুদ্ধে গলাচিপা থানায় দায়ের করা দুটি মামলায় করা অন্তর্বর্তীকালীন জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত। তাঁর আইনজীবীর মাধ্যমে গতকাল পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে করা এই জামিন আবেদন নামঞ্জুর করেন আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম।
এর আগে ১৮ আগস্ট পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত রনির ওই দুটি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন। এদিকে, রনির অনুসারী গলাচিপার পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খানসহ ছয়জনের বিরুদ্ধে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে গতকাল দুটি মামলা হয়েছে। আদালত মামলা দুটি গ্রহণ করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আদেশ দেননি।
আদালত সূত্রে জানা যায়, ১১ আগস্ট ৬৫ জন সহযোগীসহ সাংসদ রনিকে আসামি করে গলাচিপা থানায় পৃথক দুটি মামলা করা হয়। মামলা দুটিতে সমাবেশে হামলা, দোকান ভাঙচুর, লুটতরাজ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয় বলে পুলিশ জানায়। ১৩ আগস্ট পুলিশ এ দুটি মামলায় সাংসদ রনিকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখায়।
রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের কার্যালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের দুই সাংবাদিককে পেটানোর অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় গত ২৪ জুলাই ডিবি পুলিশ সাংসদ রনিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে অপর মামলাটি দায়ের করেন উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্বপাড় ডাকুয়া গ্রামের মো. বজলুল ইসলাম খান। মামলায় বলা হয়, ২০১২ সালের ২৫ মার্চ বেলা ১১টার দিকে গোলাম মাওলা রনি, তাঁর শ্যালক মকবুল খান, চাচাতো শ্যালক মাহাজিব খানসহ তাঁদের লোকজন তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় সাংসদ রনি তাঁর বুকে পিস্তল ঠেকান। অন্য আসামিরা তাঁর কাছ থেকে ৩৬ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেন।