সাংসদ রেজা আলীসহ ৫৬ জনের পদত্যাগ কার্যকর হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিশালের সাংসদ রেজা আলীসহ উপজেলা আওয়ামী লীগের ৫৬ জন নেতার পদত্যাগপত্র কার্যকর হয়নি। জেলা কমিটির কার্যকরী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগকারী নেতা জিয়াউল হক অভিযোগ করেন, ‘উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সীমাহীন স্বেচ্ছাচারিতা ও স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে আমরা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছি।’উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বলেন, ‘পদত্যাগ করেছি সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতার কারণে। এ দুজনকে সংগঠন থেকে বাদ দিলে আমরা পদত্যাগপত্র প্রত্যাহার করব।’ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আবদুল মতিন সরকার বলেন, ‘৫৬ জনের পদত্যাগপত্র পেয়েছি, তবে তা কার্যকর হয়নি।’ পদত্যাগের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। ত্রিশালের অপর সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী একযোগে ৫৬ জনের পদত্যাগের ব্যাপারে বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ করি। আমি কেন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করব? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করাটা সমীচীন মনে করি না। সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাঁরা পদত্যাগ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘নয় বছর ধরে দায়িত্ব পালন করছি। কখনো স্বেচ্ছাচারিতা বা দুর্নীতির অভিযোগ ওঠেনি। এখন যেসব অভিযোগ করা হচ্ছে, এর কোনো ভিত্তি নেই।’