বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃত করার প্রতিবাদে চট্টগ্রাম নগর যুবলীগ আয়োজিত যুব সমাবেশ থেকে সাংসদ এম এ লতিফকে গ্রেপ্তার এবং তাঁকে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে।
সোমবার বিকেলে নগরের লালদীঘি মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তারা নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সমাবেশে নগর আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন বলেন, ‘যে সাহস কোনো দিন জামায়াত-বিএনপি দেখায়নি, সেই সাহস দেখিয়েছেন সাংসদ এম এ লতিফ। তিনি (সাংসদ) যে ধৃষ্টতা দেখিয়েছেন তা ক্ষমার অযোগ্য। তাই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছি। আমরা তাঁকে গ্রেপ্তারপূর্বক বিচারের দাবি জানাচ্ছি।’
বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির প্রতিবাদে গড়ে ওঠা নাগরিক মঞ্চ চট্টগ্রামের আহ্বায়কও বেলায়েত হোসেন। নাগরিক মঞ্চের আহ্বানে আজ মঙ্গলবার আবার লালদীঘি মাঠে সমাবেশ ডাকা হয়েছে। এতে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দেবেন বলে গতকালের সমাবেশে জানানো হয়।
নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, ‘মন্ত্রী-সাংসদ হওয়া সহজ। কিন্তু দলের একজন সংগঠক হওয়া কঠিন। মহিউদ্দিন চৌধুরীর নির্দেশে আমরা এই আন্দোলনে আছি এবং থাকব।’
সমাবেশের সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, ‘সাংসদ লতিফের বিরুদ্ধে আমাদের নেতা মহিউদ্দিন চৌধুরী ১৫ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। আলটিমেটাম শেষ হয়েছে। তিনি কাল (আজ) লালদীঘিতে পরবর্তী নির্দেশনা দেবেন।’
চট্টগ্রাম নগর যুবলীগের আরেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ অভিযোগ করেন, ‘সাংসদ লতিফ বিএনপি-জামায়াতের লোকজনকে নিয়ে একটি ব্যবসায়িক সিন্ডিকেট করেছেন। আমাদের নেত্রীকে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।’
নগর যুবলীগের আরেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগ নেতা আকবর হোসেন, মাহবুবুল আলম, সাখাওয়াত হোসেন, হেলাল উদ্দিন, আবু সাঈদ, নুরুল আনোয়ার, ওয়ার্ড কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী প্রমুখ।