সাংসদ লতিফের গাড়িকে জরিমানা
গাড়িতে পোস্টার লাগিয়ে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের প্রচারণা চালানোর সময় সাংসদ এম এ লতিফের মালিকানাধীন একটি গাড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় নগরের পশ্চিম ষোলশহর ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় গাড়িটিকে জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোটন চন্দ্র চন্দ। নির্বাচনী কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট জোটন চন্দ্র চন্দ জানান, পশ্চিম ষোলশহর এলাকায় একটি গাড়িতে হাতি প্রতীকের পোস্টার লাগিয়ে গণসংযোগের সময় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিরা জানান, গাড়িটি সাংসদ এম এ লতিফের।
এ বিষয়ে সাংসদ এম এ লতিফ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘মেয়র প্রার্থীর প্রচারকাজে আমার একটি গাড়ি ব্যবহৃত হচ্ছে। কিন্তু গাড়িটিকে জরিমানা করা হয়েছে কি না, জানি না।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রার্থীর দুটি গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণা চালাতে পারবেন। অন্য কেউ প্রার্থীর পোস্টার গাড়িতে লাগিয়ে প্রচারণা করতে পারবে না।
ম্যাজিস্ট্রেট জানান, পিকআপে পোস্টার লাগিয়ে প্রচারণার দায়ে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মহসীনকে তিন হাজার টাকা, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের প্রার্থী মোবারক আলীকে তিন হাজার টাকা, একই ওয়ার্ডের ইকবাল হোসেনকে পাঁচ হাজার টাকা ও রফিউল হায়দার চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ট্রাকে পোস্টার লাগিয়ে প্রচারণার দায়ে ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী জেসমিন সুলতানাকে পাঁচ হাজার টাকা ও ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের মোহাম্মদ তৈয়বকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুটি মাইক ব্যবহার করে মাইকিং করার দায়ে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের এরশাদ মামুনকে পাঁচ হাজার টাকা এবং নির্বাচনী ক্যাম্পে আপ্যায়ন করার দায়ে একই ওয়ার্ডের মো. জহুরুল আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট আজহারুল কায়সার।