সাংসদ লতিফের বিরুদ্ধে আরও দুটি অভিযোগ
বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির ঘটনায় সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং তথ্যপ্রযুক্তি আইনে আরও দুটি অভিযোগ দিয়েছেন চট্টগ্রামের সংক্ষুব্ধ দুই নাগরিক। অভিযোগ আমলে নিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম রাষ্ট্রদ্রোহ আইনে করা অভিযোগটি কোতোয়ালি থানার ওসি এবং তথ্যপ্রযুক্তি আইনের অভিযোগটি পাঁচলাইশ থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার ফৌজদারি দণ্ডবিধির ১২৪/এ ধারায় রাষ্ট্রদ্রোহ আইনে অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কে এম বেলায়েত হোসেন। আর তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগটি করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুদ্দীন আহমেদ। সাইফুদ্দীন গত বৃহস্পতিবার আরেকটি মামলা করেন। এক হাজার কোটি টাকার ওই মানহানির মামলাটি পুলিশ তদন্ত করছে।
এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপপরিবেশ-বিষয়ক সম্পাদক আবদুর রহিম গত রোববার আরেকটি মানহানির মামলা করেন। আদালত সেটিও তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বেলায়েত হোসেন বলেন, ‘সাংসদ লতিফ জামায়াত থেকে আসা অনুপ্রবেশকারী। তিনি বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তাঁর মতো কুলাঙ্গার আওয়ামী লীগে দরকার আছে নাকি? তাই এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমি মামলা করেছি।’
প্রতিবাদ কর্মসূচি: বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার প্রতিবাদে গতকাল নগরের বক্সিরহাট আনসার ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন ছাত্রসমাজের ব্যানারে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মো. দিদারুল আলম। বক্তৃতা করেন নুরুল আমিন, ফয়েজ উল্লাহ, ফিরোজ আহমদ, মহিউদ্দিন শাহ, কাজী হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনকের ছবি বিকৃতভাবে উপস্থাপন করে সাংসদ লতিফ পাকিস্তানের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করেছেন। তাঁর ধৃষ্টতাপূর্ণ অপরাধে বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে ধৃষ্টতা জাতি মানবে না। এর জবাবদিহি তাঁকে করতেই হবে।