সাংসদ লতিফের বিরুদ্ধে বিবৃতি দিলেন মোরশেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর নিয়ে সাংসদ এম এ লতিফের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। গতকাল বুধবার এক বিবৃতিতে বন্দরের কার্যক্রম সচল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। বিবৃতিতে মোরশেদ মুরাদ সাংসদ লতিফের নাম উল্লেখ না করে বলেন, এ সরকারের সময়ে বন্দরের কার্যক্রম ও উৎপাদনশীলতা অন্য যেকোনো সময়ের চেয়ে সন্তোষজনক। অথচ কিছুদিন ধরে একজন রাজনীতিবিদ তাঁর স্বার্থ হাসিলের জন্য বন্দর নিয়ে রাজনীতিতে মেতে উঠেছেন। শ্রমিকদের মজুরি ২৫ শতাংশ বাড়ানোর দাবিতে তিনি শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছেন। তাঁর প্ররোচনায় শ্রমিকেরা মজুরি গ্রহণ না করায় বন্দরে অস্থিতিশীল পরিবেশ তৈরির শঙ্কা দেখা দিয়েছে। জানতে চাইলে মোরশেদ মুরাদ প্রথম আলোকে বলেন, ‘মজুরি বাড়ানোর জন্য বন্দর ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। কিন্তু লতিফ সাহেব (এম এ লতিফ) সেই মুহূর্তে শ্রমিকদের প্ররোচিত করে বন্দরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছেন। এ কারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।’ প্রসঙ্গত, সাংসদ এম এ লতিফ ও চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ দুজনেই ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু চেম্বারের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এ দুজনের মধ্যে দ্বন্দ্ব বাধে।