বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ‘বিকৃত’ করার অভিযোগে সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল শুক্রবার চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।
নগরের বড়পুল এলাকায় ‘জাগ্রত ছাত্র যুব ও জনতা’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন জাগ্রত ছাত্র যুব ও জনতার আহ্বায়ক এ এস এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এম এ লতিফ আওয়ামী লীগে অনুপ্রবেশকারী একজন বর্ণচোরা ব্যক্তি। আসলে তিনি জামায়াতের লোক। স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির মুক্তিযুদ্ধকে যেভাবে দেখে, লতিফও সেভাবে দেখেন।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিযোগ, বিমানবন্দর সড়কে টানানো ফেস্টুনে ব্যবহার করা বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখমণ্ডল বঙ্গবন্ধুর হলেও শরীর তাঁর নয়। অন্য কারও শরীরে কম্পিউটার কারসাজির মাধ্যমে মুখমণ্ডল যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ এসব ফেস্টুন টানিয়েছিলেন।