সাংসদ লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি

সাংসদ এম এ লতিফকে বঙ্গবন্ধুর ছবি বিকৃতকারী উল্লেখ করে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের তিনটি মোড়ে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ ও ‘সচেতন নাগরিক সমাজ’ বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম–১১)–এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
ছাত্র যুব জনতার ব্যানারে গতকাল বেলা ১১টায় ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেট চত্বর ও বিকেলে অলংকার মোড়ে মানববন্ধন করা হয়। এ ছাড়া দুপুরে প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আরেকটি মানববন্ধন করা হয়।
আগ্রাবাদ ও অলংকার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘জাতির জনককে সাধারণ মানুষের সামনে বিকৃতভাবে উপস্থাপন করেছেন লতিফ। আসলে চট্টগ্রাম চেম্বার ভবন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান নয়, এটি এখন নীলকুঠিতে পরিণত হয়েছে।’
দুটি কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাগ্রত ছাত্র যুব জনতার আহ্বায়ক এ এস এম জাহিদ। বক্তব্য দেন নগর ছাত্রলীগের সহসভাপতি রনি মির্জা, শামসুল হক, মোহাম্মদ শের খান, জাহেদ আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তারা সাংসদ লতিফ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তাঁরা বলেন, জাতির জনকের বিকৃত ছবি প্রচারের পরও আওয়ামী লীগের যেসব ব্যক্তি প্রকাশ্যে ও অপ্রকাশ্যে লতিফকে সমর্থন করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
প্রেসক্লাব চত্বর: সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় সাংসদ লতিফকে জাতির কাছে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেছেন। নইলে তাঁকে নিজ নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃতির কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জাতির জনকের সঙ্গে এমন বেয়াদবির কঠিন শাস্তি চাই।’