বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির ঘটনায় চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে।
৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কে এম বেলায়েত হোসেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে লিখিত অভিযোগ করেন। আদালত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি কোতোয়ালি থানায় পাঠান।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আদালত থেকে আদেশের কপি কেবল হাতে এসেছে। কোতোয়ালি থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। থানা-পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ন্যূনতম সত্যতা পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তা অনুমোদনের জন্য পাঠানো হবে।’
গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের সময় সাংসদ এম এ লতিফের উদ্যোগে আগ্রাবাদ ও বিমানবন্দর সড়কে অসংখ্য ফেস্টুন লাগানো হয়। এসব ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগ ওঠে। পরে সাংসদ এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন, ছবি বিকৃত করা হয়েছে। তাঁর উপস্থিতিতে গ্রাফিক ডিজাইনার ছবি বিকৃতির দায় নেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তিন দিন আগে আদালতের নির্দেশনা আমরা হাতে পাই। এরপর সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অভিযোগটি আমরা তদন্ত শুরু করি।’
সাংসদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগ দায়ের করা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কে এম বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রদ্রোহের অভিযোগটি সরকার অনুমোদন দেবে বলে আশা করছি।’