সাংসদ লতিফের বিরুদ্ধে শ্রমিকদের উসকানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর এলাকার স্থানীয় সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগ করেছে বন্দরে কর্মরত বার্থ অপারেটররা। গতকাল মঙ্গলবার নগরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাঁরা। গতকাল স্থানীয় প্রেসক্লাবে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি পৃথক সংবাদ সম্মেলন করে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিষোদগার করা হয়। এই সংগঠনটি স্থানীয় সাংসদ এম এ লতিফের সমর্থনপুষ্ট বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী। এ সময় বন্দরে কর্মরত বার্থ অপারেটর প্রতিষ্ঠানের মালিকেরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে ফজলে একরাম চৌধুরী বলেন, পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে স্থানীয় সাংসদ এম এ লতিফ বার্থ অপারেটরদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এতে শ্রমিকদের মধ্যে উসকানির আশঙ্কা করা হচ্ছে। অথচ বন্দর কর্তৃপক্ষ নিজে শ্রমিকদের বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ করেনি।’ফজলে ইকরাম চৌধুরী বলেন, ‘বন্দর অচল করে যেকোনো অশুভ শক্তির হীন উদ্দেশ্য সফল হতে দেব না আমরা।’ লতিফকে মিথ্যাচারের আশ্রয় না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করবে।প্রসঙ্গত, বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দরপত্রে ১২টি শর্ত সংশোধন করে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার চক্রান্ত চলছে অভিযোগ করে আন্দোলন করছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এই আন্দোলনের বিরোধিতা করে নৌমন্ত্রীর পক্ষে অবস্থান নেন স্থানীয় সাংসদ এম এ লতিফ।সম্প্রতি বার্থ অপারেটররা মহিউদ্দিন চৌধুরীর সমাবেশে যোগ দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। সেখানে তাঁরা বন্দর অচল করে কোনো কর্মসূচি সমর্থন করেন না বলেও জানান। তবে দরপত্রে অনিয়মের প্রতিবাদও জানান তাঁরা। বার্থ অপারেটররা মহিউদ্দিন চৌধুরীর সমাবেশে যাওয়ার পর থেকে এম এ লতিফ তাদেরকে উদ্দেশে করে বিরূপ মন্তব্য করেন, যেগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।এদিকে, হঠাৎ করেই চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নামে বন্দর এলাকার স্থানীয় সাংসদ এম এ লতিফের সমর্থনপুষ্ট একটি সংগঠন সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিষোদগার করা হয়। একই ভাবে বার্থ অপারেটরদেরও শ্রমিকদের রক্তচোষা হিসেবে উল্লেখ করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নতুন গজিয়ে ওঠা এই সংগঠনের আহ্বায়ক ইমাম হোসেন এবং সদস্যসচিব শফিকুল ইসলাম সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।ঐক্য পরিষদের সদস্যসচিব শফিকুল ইসলাম বলেন, সাংসদ এম এ লতিফ এই সংগঠনের উপদেষ্টা। তাঁর সহযোগিতায় অতি দ্রুততায় এই সংবাদ সম্মেলন করা হয়েছে। তবে তাঁদের সংগঠনটির নিবন্ধন না থাকলেও অনেক আগে গঠন করা হয়েছে বলে দাবি করেন তিনি।