সাংসদ লিটন হত্যা: কাদের খানের তিন কর্মীর স্বীকারোক্তি
সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আবদুল কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, তাঁর বাসার তত্ত্বাবধায়ক শাহিন মিয়া ও মেহেদী ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ওই তিনজন সাংসদ হত্যার ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাই ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য তাঁদের গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুবের আদালতে পাঠানো হয়। আদালত ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ কড়া নিরাপত্তায় রাত পৌনে নয়টার দিকে তাঁদের জেলা কারাগারে নিয়ে যায়।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বগুড়া শহরের নিজ বাসা থেকে গ্রেপ্তার হওয়া সাবেক সাংসদ আবদুল কাদের খানকে গাইবান্ধার আদালতে নেওয়ার কথা। কিন্তু মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত তাঁকে আদালতে নেওয়া হয়নি। স্থানীয় সাংবাদিকেরা সন্ধ্যা থেকে আদালতে অপেক্ষা করতে থাকেন। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কাদের খানকে কাল বুধবার আদালতে হাজির করা হতে পারে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল কাদের খানের মূল বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি খানপাড়া গ্রামে। তিনি ২০০৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পেশায় চিকিৎসক আবদুল কাদের খান বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক উত্তরের খবর’ নামে একটি পত্রিকাও প্রকাশ করছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি আর অংশ নেননি। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম লিটন সাংসদ নির্বাচিত হন। গত ৩১ ডিসেম্বর মনজুরুল ইসলাম নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।